বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ হতে ঢাকায় পৌঁছেছেন থমাস ডুলি।

শুক্রবার (২২ মে) সকাল ৯টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি বাংলাদেশে আসেন। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে হোটেলের উদ্দেশ্যে রওনা হন। বাফুফের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

ঢাকায় পৌঁছানোর পরপরই বাফুফে ফেসবুক পেজে ডুলিকে কোচ হিসেবে ঘোষণা করে। গণমাধ্যমেও বিজ্ঞপ্তি পাঠানো হয়। থমাস ডুলির কোচ হওয়ার বিষয়টি আগেই অনুমেয় ছিল। তবে দেশে আসার পরই আনুষ্ঠানিকভাবে জানায় ফেডারেশন।

এর আগে বাফুফে দুই বছরের জন্য কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল। আড়াইশ’র বেশি সিভি থেকে বাছাই কমিটি ২২ জনের তালিকা করে জাতীয় দল কমিটিকে দেয়। সেখান থেকে ১১ জনের সংক্ষিপ্ত তালিকা হয়। তাদের সাক্ষাৎকার নেন ফেডারেশনের কর্মকর্তারা। ওয়েলসের কোচ ক্রিস কোলম্যানকে নিয়ে আগ্রহ থাকলেও এজেন্ট ফি জটিলতায় তা হয়নি। পরে স্টোকসের বদলে ডুলিকে বেছে নেয় বাফুফে।

বিশ্ব ফুটবলে ৪৩ বছরের অভিজ্ঞতা নিয়ে আসছেন ডুলি। খেলোয়াড়ি জীবনে যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলেছেন। ১৯৯৪ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলে ছিলেন তিনি। ১৯৯৮ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের অধিনায়ক ছিলেন। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ক্লিন্সম্যানের অধীনে যুক্তরাষ্ট্রের সহকারী কোচ ছিলেন।

দল গড়ায় বিশেষ দক্ষ ডুলির এশিয়ান ফুটবলের বাস্তবতা ও সমর্থকদের আবেগ সম্পর্কে গভীর ধারণা আছে। তার অধীনে ফিলিপাইন অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় এবং ইতিহাসের সর্বোচ্চ র‍্যাঙ্কিং অর্জন করে। সবশেষ গায়ানা জাতীয় দলের কোচ ছিলেন তিনি। সেখানে চার ম্যাচের সবকটিতে জয় পায় গায়ানা।

বাফুফে জানিয়েছে, যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত জার্মান থমাস ডুলিকে নিয়োগ দিয়ে তারা আশাবাদী। ফেডারেশন মনে করে, তরুণ ফুটবলারদের সম্ভাবনা কাজে লাগিয়ে জাতীয় দলকে আরও প্রতিযোগিতামূলক ও সফল করে তুলতেই নতুন যাত্রা শুরু করছেন ডুলি।