বর্তমান সরকারের মধ্যে নতুন করে ‘এস আলম’ এবং ‘সালমান এফ রহমান’ হওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (২১ মে) রাতে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে দলটির ‘ছায়া বাজেট কমিটি’ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার বিষয় ছিল— ‘বৈশ্বিক অনিশ্চয়তায় বাংলাদেশের বাজেট: কর্মসংস্থান, বিনিয়োগ ও সংস্কারে অগ্রাধিকার এবং জনপ্রত্যাশার বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ’।
নাহিদ ইসলাম বলেন, “ব্যাংকিং খাতে বিগত ১৬ বছরে নজিরবিহীন লুটপাট হয়েছে। কিছু ব্যক্তি, গোষ্ঠী ও পরিবারকে বড় অঙ্কের ঋণ দেওয়া হয়েছে। সেই টাকা তারা বিদেশে পাচার করেছে, ঋণখেলাপি হয়েছে। বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল, এই সংস্কৃতি আর হবে না। কিন্তু সরকারের অবস্থা দেখে মনে হচ্ছে, সরকারের এস আলম কে হবে, সালমান এফ রহমান কে হবে— এই প্রতিযোগিতা শুরু হয়েছে।”
তিনি বলেন, “সরকার আমাদের প্রত্যাশা পূরণ করবে না। সংসদে বিরোধী দলের অনেক আলোচনা পাশ কাটিয়ে সরকার তার মতো করে আইন পাস করেছে। তারপরও আমরা ছায়া বাজেট করছি। আমরা সংস্কারমুখী, বিনিয়োগমুখী ও কর্মসংস্থানমুখী বাজেট চাই।”
নাহিদ ইসলাম বলেন, “দেশের অর্থনীতির অবস্থা সরকার চাইলে ভালোভাবে মোকাবিলা করতে পারত, যদি ন্যূনতম জাতীয় ঐক্য বজায় রাখত। অর্থনৈতিক সংস্কার রাজনৈতিক সংস্কারের সঙ্গে সম্পর্কিত। প্রথম অধিবেশনে সরকার জুলাই সনদ ও গণভোটে রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি রাখেনি। ফলে অর্থনৈতিক সংস্কারের যাত্রা দুই ধাপ পিছিয়ে গেছে।”
বিদেশি বিনিয়োগের আগে দেশের সৎ ব্যবসায়ীদের আস্থা অর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “দেশীয় ব্যবসায়ীদের বিনিয়োগের আস্থা না থাকলে বিদেশি বিনিয়োগ আসবে না। সরকারের লোকেরা বলেছে, নির্বাচিত সরকার এলেই বিদেশি বিনিয়োগ হুড়হুড় করে আসবে। কিন্তু আমরা দেখলাম, ড. ইউনূস যতটুকু সক্ষমতা দেখিয়েছেন, এই সরকার কোনো দেশ থেকে দাওয়াত পর্যন্ত পায়নি। আইএমএফের ঋণও বন্ধ হয়ে গেছে।”
তিনি আরও বলেন, “ব্যবসায়ীদের উপদেষ্টা কমিটিতে রাখলেই বিশ্বাস অর্জন হয় না। যারা সৎভাবে ব্যবসা করেন, ক্ষুদ্র ব্যবসায়ী— তাদের ঋণ দেওয়া দরকার। বড় কর্পোরেটরা রাজনৈতিক লবিংয়ে ঋণ পায়, শোধ করে না। অথচ একজন কৃষক পাঁচ হাজার টাকা ঋণ শোধ করতে না পারলে কোমরে দড়ি বেঁধে জেলে নেওয়া হয়।”
অর্থনৈতিক সংস্কারে সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়ে নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশ যে সংকটে আছে, কোনো সরকার একা মোকাবিলা করতে পারবে না। সবার সহযোগিতায় আমরা ভঙ্গুর ব্যবস্থা থেকে মুক্তি পাব।”