অস্বাভাবিক গরমে গাড়ির ভেতর আটকে থেকে স্পেনের ব্রিয়ন শহরে দুই বছরের এক শিশু হিটস্ট্রোকে মারা গেছে। নার্সারিতে পৌঁছে দেওয়ার কথা থাকলেও ফোনে কথা বলতে গিয়ে বাবা ভুলে গাড়িতেই রেখে কাজে চলে যান।
বুধবার (২০ মে) সকালে বড় সন্তানকে স্কুলে নামিয়ে ছোট মেয়েকে নার্সারিতে নেওয়ার কথা ছিল। পথে ফোন আসায় মনোযোগ সরে যায়। নার্সারিতে না গিয়ে তিনি সরাসরি কর্মস্থলে চলে যান। শিশুটি গাড়িতেই থেকে যায়।
বিকেল ৩টার দিকে মা নার্সারিতে মেয়েকে আনতে গিয়ে জানতে পারেন, সকালে তাকে আনা হয়নি। দ্রুত জরুরি সেবা সংস্থাকে খবর দেওয়া হয়। পরে বের্তামিরান্সের একটি স্বাস্থ্যকেন্দ্রে নিলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ব্রিয়ন শহর কর্তৃপক্ষ দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। শুক্রবার এক মিনিট নীরবতা পালন করা হবে।
স্পেনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশে এখন ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে, যা মে মাসের জন্য অস্বাভাবিক। বিশেষজ্ঞরা বলছেন, গরমে গাড়ির ভেতর তাপমাত্রা কয়েক মিনিটেই দ্বিগুণ হয়ে যায়। তাই শিশু বা পোষা প্রাণীকে গাড়িতে রেখে কোথাও নামা মারাত্মক ঝুঁকিপূর্ণ।