জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া খারাপ হলে জামাত হবে সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।
বুধবার (২০ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মামুন আল মোর্শেদ চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল আজহা উদযাপন নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো কাজ করছে।
আগামী ২৮ মে দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদের দিন ঈদগাহ ও মসজিদে মুসল্লিরা দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন।
প্রধান জামাতের ব্যবস্থাপনায় রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিকসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।