হাসপাতালের বাইরে ছবি তুলতে গেলে ফটোগ্রাফারদের ওপর রেগে যান বলিউড অভিনেতা সালমান খান।

মঙ্গলবার (১৯ মে) রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালের বাইরে তাকে দেখে ছবি তোলা শুরু করেন কয়েকজন ফটোগ্রাফার। এতে বিরক্ত হয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ভাইরাল হওয়া ভিডিওতে সালমানকে বলতে শোনা যায়, ‘পাগল হয়ে গেছো?’

বুধবার (২০ মে) ভোররাতে সামাজিক মাধ্যমে নিজের অবস্থান জানান সালমান। লেখেন, সবসময় সংবাদমাধ্যমকে সম্মান করেছেন। কিন্তু কঠিন সময়ে ছবি তুলে লাভ করার চেষ্টা তাকে কষ্ট দেয়।

তিনি লেখেন, ‘একটা ছবির চেয়ে কি মানুষের জীবন বেশি গুরুত্বপূর্ণ নয়? আমি ৬০ বছরে পৌঁছেছি ঠিকই, কিন্তু লড়াই করতে ভুলিনি। জেলে দিতে চাইলে দিতে পারেন।’

সালমানকে সবশেষ দেখা গেছে ‘সিকান্দার’ ছবিতে। তার নতুন ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ নিয়ে আলোচনা চলছে। সিনেমাটিতে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সংঘর্ষের ঘটনা উঠে আসবে।