প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২০ মে) সিলেটে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারায় বাংলাদেশ। এর আগে মিরপুরে প্রথম টেস্টে ১০৪ রানের জয় পায় টাইগাররা। ২-০ ব্যবধানে সিরিজ জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ।
এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতকে টপকে পঞ্চম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। টাইগারদের পয়েন্টের হার ৫৮.৩৩ শতাংশ। ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে ভারত।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন সাফল্য অব্যাহত থাকবে। এই অর্জন তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও অনুপ্রাণিত করবে।
তিনি আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতে বিশ্বমঞ্চে আরও এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।