নরওয়ের শীর্ষস্থানীয় দৈনিক আফতেনপোস্তেনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে প্রকাশিত একটি কার্টুন ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক শুরু হয়েছে।
কার্টুনে মোদিকে সাপুড়ে হিসেবে দেখানো হয়েছে। তার হাতে রয়েছে সাপের মতো দেখতে জ্বালানি পাম্পের পাইপ। একই সঙ্গে প্রকাশিত মতামতধর্মী লেখায় তাকে ‘চতুর এবং কিছুটা বিরক্তিকর মানুষ’ বলা হয়।
কার্টুন প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় ব্যবহারকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই একে ঔপনিবেশিক মানসিকতা ও বর্ণবাদী উপস্থাপন বলে সমালোচনা করেন। তাদের অভিযোগ, ভারতকে সাপ ও সাপুড়ের দেশ হিসেবে দেখানোর পুরোনো স্টেরিওটাইপ আবার সামনে আনা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, সমালোচকদের মতে পশ্চিমা গণমাধ্যমের একাংশ দীর্ঘদিন ধরে এমন প্রতীকী উপস্থাপনা ব্যবহার করছে, যা ভারত সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করে।
বিতর্কের পেছনে নরওয়েতে মোদির সরকারি সফরকালে একটি সংবাদ সম্মেলনের ঘটনাও ভূমিকা রেখেছে। সেখানে এক নরওয়েজিয়ান সাংবাদিকের প্রশ্নের সরাসরি উত্তর না দেওয়ায় অনলাইনে আলোচনা শুরু হয়। পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আলাদাভাবে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেয়। এ ঘটনার পরই কার্টুনটি প্রকাশিত হওয়ায় বিতর্ক আরও বাড়ে।
বৈশ্বিক সংবাদমাধ্যম স্বাধীনতা সূচকে নরওয়ে বর্তমানে শীর্ষে রয়েছে। অন্যদিকে ভারতের অবস্থান ১৫৪ থেকে নেমে ১৫৭–তে এসেছে।
এই কার্টুনকে ঘিরে মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক ব্যঙ্গচিত্র ও সাংস্কৃতিক সংবেদনশীলতার সীমা—এ তিনটি বিষয় আবার আলোচনায় এসেছে।