দেশে হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যুর ঘটনা তদন্তে কেন কমিশন গঠনের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৯ মে) একটি রিট পিটিশনের শুনানি শেষে বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।
আগামী ৪ সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম ১৭ মে এই রিট দায়ের করেন। পিটিশনে হামের টিকা কেনায় অনিয়মের অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টাদের ভূমিকা তদন্তের নির্দেশনা চাওয়া হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।
আবেদনে বলা হয়, ইউনিসেফ ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে হামের প্রাদুর্ভাব ও শিশুমৃত্যুর বিষয়ে আগেই সতর্ক করেছিল। তবুও ড. ইউনূস কিংবা স্বাস্থ্য উপদেষ্টা শিশুদের জীবন বাঁচাতে কোনো ব্যবস্থা নেননি।
ব্যারিস্টার আশরাফুল গণমাধ্যমকে বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে হামের টিকাদান প্রক্রিয়া রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে বেসরকারি খাতে স্থানান্তর করা হয়।
শুনানিতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।