কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যা মামলায় ১৮ আসামির মধ্যে চারজনকে মৃত্যুদণ্ড এবং নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বাকি পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (২০ মে) দুপুর ১২টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় ঘোষণা করেন। রায়ের সময় ১৮ আসামির মধ্যে ১২ জন আদালতে উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, হত্যা মামলায় প্রথমে ১৭ জনের নামে এজাহার হলেও তদন্তে ছয় জনের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের চার্জশিট থেকে বাদ দেওয়া হয়। এজাহারের বাইরে থাকা আরও সাতজনের নাম তদন্তে উঠে আসে। সব মিলিয়ে ১৮ জনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, হত্যা ও অস্ত্র আইনে পৃথক মামলায় চার্জশিট দেওয়া হয়।

গত বছরের ২৪ সেপ্টেম্বর ভোরে কক্সবাজারের ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়ায় মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে সশস্ত্র ডাকাত প্রতিরোধ অভিযানে যান লেফটেন্যান্ট তানজিম। সেখানে ডাকাতের ছুরিকাঘাতে তিনি নিহত হন।

অভিযানে যৌথবাহিনী ঘটনাস্থল থেকে তিন ডাকাতকে আটক করে। তাদের ফেলে যাওয়া দেশে তৈরি একটি বন্দুক ও ছয়টি গুলিও উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট তানজিমের বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সে ২০২২ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে আর্মি সার্ভিস কোরে (এএসসি) কমিশন লাভ করেন।