দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে গ্রেপ্তার হলেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী। তিনি গায়িকা ও সাবেক বিধায়ক অদিতি মুন্সির স্বামী।
পশ্চিমবঙ্গ পুলিশ ও গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দেবরাজ চক্রবর্তী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। উত্তর চব্বিশ পরগনায় যুব তৃণমূলের রাজনীতিতে তাকে ‘ডান হাত’ বলা হতো। কামারহাটি থেকে বিধাননগর পর্যন্ত যুব সংগঠনের নিয়ন্ত্রণ ছিল তার হাতে। ক্যামাক স্ট্রিটের ‘গুডবুক’-এ নাম থাকায় দলে তার প্রভাব ছিল প্রশ্নাতীত।
তার বিরুদ্ধে ২০১১ সালের ভোট পরবর্তী সহিংসতা, হুমকি, সিন্ডিকেট ও সন্ত্রাস চালানোর অভিযোগ রয়েছে। এছাড়া শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগেই ইডি-সিবিআইয়ের নজরদারিতে ছিলেন তিনি।
গত ৪ মে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই দেবরাজের খোঁজ মিলছিল না। রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল, আইনি জটিলতা এড়াতে তিনি গা-ঢাকা দিয়েছেন। অবশেষে লুকোচুরির ইতি টেনে পুলিশের জালে ধরা পড়লেন এই যুবনেতা।
স্বামীর গ্রেপ্তারে চাপে পড়েছেন গায়িকা অদিতি মুন্সি। দলের ভেতরে-বাইরে শুরু হয়েছে নতুন আলোচনা। গ্রেপ্তারের পর দেবরাজকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।