ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া বিএনপি ও এনসিপিসহ ২৩টি রাজনৈতিক দলকে নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ জুনের মধ্যে এসব দলকে হিসাব জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, যেসব দল এখনো হিসাব জমা দেয়নি, তাদের সময় বাড়িয়ে নতুন করে চিঠি পাঠানো হয়েছে।
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৫০টি নিবন্ধিত দলের মধ্যে ২৭টি দল এরই মধ্যে ব্যয়ের হিসাব জমা দিয়েছে। বাকি ২৩টি দল এখনো দেয়নি।
তিনি বলেন, প্রথমে ২৫টি দলের হিসাব জমা পড়েছে বলে জানানো হয়েছিল। শেষ দিনে আরও দুটি দল দেরিতে নথি জমা দেয়। সেসব নথি সংশ্লিষ্ট শাখায় পরে পৌঁছানোয় প্রথম প্রতিবেদনে যুক্ত হয়নি। পরে ওই দুই দলের হিসাব অন্তর্ভুক্ত হওয়ায় এখন মোট ২৭টি দল হিসাব দিয়েছে বলে ধরা হচ্ছে।
আইন অনুযায়ী গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনি ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। ১৩ মে পর্যন্ত সময়সীমার মধ্যে ২৭টি দল হিসাব দিলেও বিএনপি, এনসিপিসহ ২৩টি দল দেয়নি। এরপরই ইসি নতুন সময়সীমা বেঁধে দিয়ে চিঠি পাঠিয়েছে।
চিঠি পাওয়া দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাগপা, গণফোরাম, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ কল্যাণ পার্টিসহ মোট ২৩টি দল।