ওমানের দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের মুলাদ্দা এলাকায় গাড়ির ভেতরে মারা যাওয়া চার প্রবাসী বাংলাদেশি ভাইয়ের মরদেহ দেশে এসে পৌঁছেছে।
মঙ্গলবার (১৯ মে) রাত ৮টা ১৫ মিনিটে তাদের মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৭২২ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।
বিমানবন্দরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। এ সময় তিনি অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং দ্রুত সময়ে মরদেহ দেশে আনার ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং সহযোগিতার প্রশংসা করেন।
এ ছাড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে মরদেহ পরিবহন ও দাফনের জন্য প্রত্যেক পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাতেই চার ভাইয়ের মরদেহ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নেওয়া হবে। বুধবার (২০ মে) সকাল ১১টায় নেছারাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হবে। ইতোমধ্যে গ্রামের বাড়িতে পাশাপাশি চারটি কবর খনন করা হয়েছে। একসঙ্গে চার ভাইয়ের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রসঙ্গত, সম্প্রতি ওমানের দক্ষিণ আল বাতিনাহ অঞ্চলের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে চার প্রবাসী বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়।