চিকিৎসকদের ওপর হামলা আর হাসপাতালে বিশৃঙ্খলা ঠেকাতে এবার ‘পাগলা ঘণ্টা’ বাজবে ঢাকার বড় সরকারি হাসপাতালে। জরুরি মুহূর্তে এক বাটন চাপলেই পুরো হাসপাতালে বেজে উঠবে অ্যালার্ম, ছুটে আসবে নিরাপত্তা টিম। এই সেন্ট্রাল ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেমের নাম দেওয়া হয়েছে ‘কোড ব্লু’।

মঙ্গলবার (১৯ মে) তেজগাঁওয়ের সিএমএসডিতে ভেন্টিলেটর হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল নতুন এই নিরাপত্তা পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এই সিস্টেম চালু হবে। কোনো ওয়ার্ডে মারামারি, ভাঙচুর বা চিকিৎসক লাঞ্ছনার ঘটনা ঘটলে কোড ব্লু বাজানোর সঙ্গে সঙ্গেই নির্ধারিত টিম ঘটনাস্থলে পৌঁছে যাবে।

শুধু অ্যালার্ম না, মহাখালীতে স্বাস্থ্য ভবনসহ আশপাশের স্থাপনার জন্য আলাদা পুলিশ ক্যাম্পও বসানোর চিন্তা করছে মন্ত্রণালয়।

একই অনুষ্ঠানে মন্ত্রী আরও জানান, ১০টি জেলা সদর হাসপাতালের আইসিইউর জন্য শিশু ভেন্টিলেটর দেওয়া হয়েছে। ঈদুল আজহার ছুটির এক সপ্তাহের মধ্যেই সেগুলো চালু হবে।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা বলেন, রোগীর স্বজনদের হাতে চিকিৎসক লাঞ্ছিত হওয়ার ঘটনা প্রায়ই ঘটে। কোড ব্লু চালু হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে, চিকিৎসকরাও ভয় ছাড়া কাজ করতে পারবেন।