ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বাড়াতে ২০টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণ এবং ১০০টি অ্যাম্বুলেন্স সংগ্রহের কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পূর্বাচল মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে ‘ফায়ার সার্ভিস সপ্তাহ, পদক বিতরণ ও পাসিং আউট প্যারেড’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, ডুবুরিদের সক্ষমতা বাড়াতে ৭২টি পদ সৃজনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বর্তমানে সারা দেশে ৫৩৮টি ফায়ার স্টেশনের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে, যা চাহিদার তুলনায় যথেষ্ট নয়। এ জন্য ২০টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের সদস্য সংখ্যা ৩০ হাজারের বেশি করতে অর্গানোগ্রাম পুনর্গঠনের প্রস্তাব বিবেচনাধীন। প্রশিক্ষণের মান উন্নয়নে মুন্সীগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একাডেমি স্থাপনের কার্যক্রম নেওয়া হয়েছে। গত ১ মে থেকে অনলাইনভিত্তিক ই-ফায়ার লাইসেন্স প্রদান চালু করা হয়েছে।
মন্ত্রী জানান, মিরপুর ও সদরঘাটে ২টি বহুতল আবাসিক ভবন এবং মিরপুরে সদর দপ্তর ভবন নির্মাণের কাজ চলছে। ‘ফায়ার অ্যান্ড রেসকিউ ভাতা’ এবং ফ্রেশ মানির চাহিদা পর্যালোচনা করা হবে।
২০২৫ সালে ফায়ার সার্ভিস ২৭ হাজার ৫৯টি অগ্নিনির্বাপণ করে ৩ হাজার ২৬৩ কোটি টাকার সম্পদ উদ্ধার করেছে। ৭ হাজার ৮১৫টি সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ২৬৬ জন আহত ও ১ হাজার ৩৮ জন নিহত উদ্ধার করেছে। অ্যাম্বুলেন্সে রোগী পরিবহন করেছে ১০ হাজার ৪৮০ জন।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল উপস্থিত ছিলেন।