সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তান প্রায় ৮ হাজার সেনা, একটি যুদ্ধবিমান দল এবং একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে।

সোমবার (১৮ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, কোনো একটি দেশ আক্রান্ত হলে একে অপরকে সরাসরি প্রতিরক্ষায় সহায়তা করার বাধ্যবাধকতা রয়েছে দুই দেশের মধ্যে।

নিরাপত্তা সূত্র জানায়, মোতায়েন করা বাহিনীর মধ্যে প্রায় ১৬টি যুদ্ধবিমান রয়েছে। এর বেশিরভাগই যৌথভাবে তৈরি আধুনিক যুদ্ধবিমান। এর পাশাপাশি দুইটি মানববিহীন আকাশযান দলও পাঠানো হয়েছে। প্রায় ৮ হাজার সেনা ইতোমধ্যে দায়িত্ব পালন শুরু করেছে এবং প্রয়োজনে আরও সেনা পাঠানোর প্রস্তুতি রয়েছে।

এছাড়া চীনা প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি আরবে স্থাপন করা হয়েছে। পুরো সামরিক ব্যবস্থার পরিচালনা করছে পাকিস্তানি সেনারা, আর এর ব্যয় বহন করছে সৌদি আরব।

নিরাপত্তা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চুক্তির আওতায় নৌবাহিনীর সহায়তার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। তবে এখনো কোনো যুদ্ধজাহাজ সেখানে পৌঁছেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

গত বছর স্বাক্ষরিত এই প্রতিরক্ষা চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে দুই দেশ জানিয়েছে, একে অপরের ওপর আক্রমণ হলে যৌথভাবে প্রতিরক্ষায় অংশ নেবে তারা।