দেশের জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী সনিকা হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোমবার (১৮ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবর জানান তিনি। হাসপাতালের বিছানায় শুয়ে তোলা একটি ছবি পোস্ট করে সনিকা লেখেন, “আগামী কয়েক দিনের জন্য এটাই আমার ঘর।” সঙ্গে একটি সাদা হৃদয়ের ইমোজি যুক্ত করেন।

তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর ভক্ত ও সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত সুস্থতা কামনা করছেন।

সনিকা ২০০৭ সালে পেশাদার ডিজে হিসেবে সংগীতজগতে যাত্রা শুরু করেন। ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে তিনি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ২০১৩ সালে ঢালিউড চলচ্চিত্র ও সংগীত পুরস্কারে ‘শ্রেষ্ঠ বাংলাদেশি মহিলা ডিজে’ হিসেবে সম্মাননা পান। পরে গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করেন। ২০১৪ সালে তার প্রথম মিউজিক ভিডিও ‘ভল্লাগে’ প্রকাশ পায়।

সংগীতের পাশাপাশি ছোটপর্দায়ও কাজ করেছেন তিনি। ২০১৫ সালে ‘লাস্ট সিকোয়েন্স’ ও ‘থ্রিপল এফ’ নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা অর্জন করেন।