ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাইকেল জন নাইট স্মিথ (এম জে কে স্মিথ) মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

১৯৫৮ থেকে ১৯৭২ সালের মধ্যে ইংল্যান্ডের হয়ে ৫০টি টেস্ট খেলেন স্মিথ। এর মধ্যে ২৫টি ম্যাচে তিনি দলের নেতৃত্ব দেন। টেস্টে ৩১.৬৩ গড়ে ২ হাজার ২৭৮ রান করেন তিনি। সেঞ্চুরি ৩টি, অর্ধশতক ১১টি।

কাউন্টি ক্রিকেটে ওয়ারউইকশায়ারের হয়ে ১৯ বছরের ক্যারিয়ারে ১৯৫৭ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত টানা ১০ বছর অধিনায়ক ছিলেন। ১৯৫৯ মৌসুমে ক্লাবের হয়ে রেকর্ড ২ হাজার ৪১৭ রান করেন এবং পরের বছর উইজডেন ক্রিকেটার অব দ্য ইয়ার নির্বাচিত হন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৩৭ ম্যাচে ৩৯ হাজার ৮৩২ রান করেছেন স্মিথ।

মাঠে শান্ত স্বভাব ও নেতৃত্বগুণের জন্য তিনি জনপ্রিয় ছিলেন। ক্রিকেটের পাশাপাশি রাগবিতেও খেলেছেন। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ফ্লাই-হাফ হিসেবে এবং ১৯৫৬ সালে ইংল্যান্ড জাতীয় রাগবি ইউনিয়ন দলের হয়ে ওয়েলসের বিপক্ষে একটি ম্যাচ খেলেন।

খেলোয়াড়ি জীবন শেষে ইসিবির ম্যাচ রেফারি, ওয়ারউইকশায়ারের চেয়ারম্যান এবং ইংল্যান্ড দলের ট্যুর ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৯৪-৯৫ অ্যাশেজ সফরেও দলের সঙ্গে ছিলেন।

তার মৃত্যুতে ইসিবি ও কাউন্টি ক্রিকেট অঙ্গন শোক প্রকাশ করেছে। এজবাস্টনে খেলোয়াড় ও কর্মকর্তারা নীরবতা পালন করে শ্রদ্ধা জানিয়েছেন।