২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছে ব্রাজিল। কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির নেতৃত্বে এই দলে রাখা হয়েছে নেইমারকে।

সোমবার (১৮ মে) রাতে ঘোষিত দলে জায়গা পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, ব্রুনো গিমারাইস ও কাসেমিরোর মতো তারকারা। দীর্ঘদিন চোটে থাকা নেইমারকে নিয়ে ফিটনেস নিয়ে অনিশ্চয়তা থাকলেও আনচেলত্তি তাকে প্রাথমিক পরিকল্পনায় রেখেছেন।

গোলরক্ষক হিসেবে আছেন আলিসন, এদেরসন ও ওয়েভারতোন। রক্ষণে মারকিনিওস, ব্রেমার, গ্যাব্রিয়েল মাগালহায়েস, দানিলো ও আলেক্স সান্দ্রো। মাঝমাঠে কাসেমিরো, ব্রুনো গিমারাইস, ফাবিনিও, লুকাস পাকেতা ও দানিলো সান্তোস। আক্রমণভাগে নেইমার, ভিনিসিয়ুস, রাফিনিয়ার সঙ্গে আছেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, এন্দ্রিক, মাতেউস কুনিয়া, ইগর থিয়াগো ও তরুণ রায়ান।

২০০২ সালের পর আর বিশ্বকাপ জেতেনি পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। এবার আনচেলত্তির হাত ধরে ষষ্ঠ শিরোপার লক্ষ্যে মাঠে নামছে সেলেসাওরা। দলের মূল ভরসা ধরা হচ্ছে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে।