পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন আরও শক্তিশালী হচ্ছে। ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক ক্রমশ জোরদার হচ্ছে।
স্থানীয় সময় সোমবার (১৮ মে) তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং আটলান্টিক কাউন্সিলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেন। এসসিএর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সঙ্গেও তার বৈঠক হয়।
বৈঠকে শামা ওবায়েদ বলেন, নিরপেক্ষ ও সর্বমহলে গ্রহণযোগ্য নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে। দীর্ঘ বছর পর বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে।
‘সবার আগে বাংলাদেশ’ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ পরিচালনার নীতি পরিষ্কার। যে কোনো কিছুতে প্রথমে এবং সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের স্বার্থ। এই প্রতিশ্রুতি দিয়ে বিএনপি বিজয়ী হয়েছে এবং এই অবস্থান থেকে সরকার সরে যাবে না।