দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে কর ফাঁকির অভিযোগ থেকে খালাস পেলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা।

স্পেনের উচ্চ আদালত তাকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করে ৭৬৫ কোটি টাকা (৫৫ মিলিয়ন ইউরো) সুদসহ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্পেনের কর কর্তৃপক্ষের দাবি ছিল ২০১১ সালে শাকিরা দেশটিতে ১৮৩ দিনের বেশি সময় ছিলেন। স্পেনের আইনে বছরে ১৮৩ দিন বা তার বেশি থাকলে করদাতা হতে হয়। তবে আদালত জানিয়েছেন, কর কর্মকর্তারা প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন। আদালতের হিসাবে ওই বছর শাকিরা স্পেনে ছিলেন ১৬৩ দিন, যা করযোগ্য সময়ের চেয়ে ২০ দিন কম।

আদালত শাকিরার ওপর আরোপিত জরিমানাকে অবৈধ ঘোষণা করেছেন। ফেরতযোগ্য অর্থের মধ্যে রয়েছে প্রায় ৩৩৪ কোটি টাকা আয়কর এবং প্রায় ৩৪৮ কোটি টাকা জরিমানা।

এক বিবৃতিতে শাকিরা বলেন, “আদালত অবশেষে সত্যকে সামনে এনেছেন। গত আট বছর ধরে আমার সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। আমি কোনো কর ফাঁকি দিইনি এবং প্রশাসনও কখনো তা প্রমাণ করতে পারেনি। পুরো বিষয়টি ছিল সাজানো।”