চলতি মৌসুমে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১৮ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৫ জন নারী। মক্কায় মারা গেছেন ১৩ জন, মদিনায় ৫ জন। সবশেষ ১৭ মে ফেনীর সোনাগাজীর সাজেদা বেগম (৫৬) মারা যান।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের ১৮ মে রাতের বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার (১৯ মে) পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে মোট ৬৫ হাজার ৫৯২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ হাজার ১৪৮ জন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৬টি ফ্লাইটে ৩৪ হাজার ৭০ জন, সৌদি এয়ারলাইন্স ৬১টি ফ্লাইটে ২২ হাজার ৬৬৩ জন এবং ফ্লাইনাস ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন যাত্রী পরিবহন করেছে।
চলতি বছর চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে হজ অনুষ্ঠিত হওয়ার কথা। হজযাত্রীদের সৌদি যাওয়ার শেষ ফ্লাইট ২১ মে। ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে, শেষ ফ্লাইট ৩০ জুন।
সৌদিতে স্থাপিত চিকিৎসা কেন্দ্র থেকে এখন পর্যন্ত ৩০ হাজার ৩৭০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে এবং আইটি হেল্পডেস্ক ১৮ হাজার ২১০টি সেবা দিয়েছে।