জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে সংরক্ষিত আসনের বিএনপিদলীয় নারী সংসদ সদস্যদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৮ মে) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে দলের নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের সঙ্গে সভায় তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রী বলেন, ‘একজন সংসদ সদস্য হিসেবে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে তথ্যসমৃদ্ধ হতে হবে। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে।’ তিনি বক্তব্য রাখার ক্ষেত্রে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার নির্দেশনা দেন।

ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যাতে জনগণকে বিভ্রান্ত করতে না পারে সে জন্য সংসদ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নিজ নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘১৭ বছর জনগণ এক ধরনের মানসিক যন্ত্রণায় ছিল। মানুষ কথা বলতে পারেনি। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর মানুষ সব ধরনের গণতান্ত্রিক অধিকার ভোগ করছে।’

সভায় বিএনপিদলীয় ৩৬ জন নারী সংসদ সদস্য উপস্থিত ছিলেন, ১৭ জন বক্তব্য রাখেন। সভা শেষে সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরুর আগে সংসদীয় কার্যপ্রণালি বিষয়ে দলীয়ভাবে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রধানমন্ত্রী নিজ এলাকার মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হতে এবং তৃণমূলে দলের আদর্শ তুলে ধরার নির্দেশ দিয়েছেন।

সভায় বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা রুহুল কবীর রিজভী উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি ৩৬টি পেয়েছে।