তামিম ইকবালের নেতৃত্বে গঠিত বিসিবির ১১ সদস্যের অ্যাডহক কমিটির সিদ্ধান্ত স্থগিত চেয়ে করা রিটের শুনানির জন্য ২১ মে দিন ধার্য করেছেন হাইকোর্ট।

সোমবার (১৮ মে) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের বেঞ্চ রিটটি উপস্থাপনের পর দুপুর আড়াইটায় শুনানির সময় ঠিক করেন।

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন আমিনুল ইসলাম, ফারুক আহমেদসহ ১২ জন। তারা নিজেদের তৎকালীন সভাপতি, সহসভাপতি ও পরিচালক হিসেবে উল্লেখ করেছেন।

রিটে ৭ এপ্রিলের সিদ্ধান্ত ও পরবর্তী সব কার্যক্রম কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, সে বিষয়ে রুল চাওয়া হয়েছে। রুল বিচারাধীন অবস্থায় অ্যাডহক কমিটির সিদ্ধান্ত ও কার্যক্রম স্থগিত রাখার আবেদন করা হয়েছে। যুব ও ক্রীড়াসচিব, জাতীয় ক্রীড়া পরিষদ, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি, বিসিবির সচিব, প্রধান নির্বাচন কমিশনার, আইসিসির প্রধান নির্বাহীসহ ১০ জনকে বিবাদী করা হয়েছে।

তামিম ইকবালের নেতৃত্বাধীন কমিটিতে আরও আছেন মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সাঈদ ইব্রাহিম আহমদ, ইসরাফিল খসরু, তানজিল চৌধুরী, মির্জা সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

এর আগে একই অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে সাত আইনজীবীর করা আরেকটি রিট ১১ মে হাইকোর্টের একটি বেঞ্চ সরাসরি খারিজ করে দেন।