চট্টগ্রামে জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেলাকে ঘিরে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে নগরের জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও মিটিং নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।
সোমবার (১৮ মে) সকালে সিএমপি এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানায়। সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারার ক্ষমতাবলে এ আদেশ জারি করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তার স্বার্থে ওই এলাকায় কোনো জনসমাবেশ, মিছিল বা মিটিং করা যাবে না। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার সূত্রপাত
নগরের টাইগারপাসে সিটি করপোরেশনের প্রধান কার্যালয় এলাকায় শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভারের পিলারে জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিতি আঁকা ছিল। সম্প্রতি গ্রাফিতি মুছে পিলারটি বিজ্ঞাপনের জন্য ভাড়া দেওয়ার বিজ্ঞপ্তি দেয় সিটি করপোরেশন। এর প্রতিবাদে প্রথমে এনসিপি মিছিল-সমাবেশ করে। পরে বিএনপির নেতাকর্মীরাও পাল্টা কর্মসূচি দেয়।
দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে স্লোগান দিলে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
সোমবার সকালে এনসিপির নেতাকর্মীরা ফের পিলারে গ্রাফিতি আঁকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে নতুন করে উত্তেজনা দেখা দেয়।
এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, গ্রাফিতির ওপর পোস্টার লাগায় সৌন্দর্য নষ্ট হওয়ায় দেয়ালটি রং করা হয়েছে। শিগগিরই সেখানে আবার গ্রাফিতি আঁকা হবে।