রোববার (১৭ মে) সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর বনানী ডিওএইচএস মাঠে অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। এর আগে বিকেল ৫টায় ভারত থেকে একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় আসে।
সেখান থেকে মরদেহ নেওয়া হয় বনানী ডিওএইচএসের বাসায়।
পারিবারিক সূত্র জানিয়েছে, সোমবার ১৮ মে সকাল ৭টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আব্দুল্লাপুর এলাকায় দ্বিতীয় জানাজা হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
পরিবার সূত্রে জানা যায়, কারিনা প্রথমে জ্বরে আক্রান্ত হন। পরে শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস-এ এবং ই-জনিত জটিলতায় লিভার ফেইলিউর হয়। বেশ কিছুদিন সংকটাপন্ন ছিলেন তিনি। শুরুতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয় এবং পরে আবার লাইফ সাপোর্টে রাখা হয়। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।