কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ দেশে এসে পৌঁছেছে।
রোববার (১৭ মে) বিকেলে তার মরদেহবাহী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। মরদেহ বুঝে নেওয়ার পর বিকেল ৫টা ২৬ মিনিটে বিমানবন্দর থেকে বাসার পথে রওনা হন বাবা কায়সার হামিদ। এ সময় মেয়ের কফিন দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। পরিবারের অন্য সদস্য ও স্বজনরাও শোকে স্তব্ধ হয়ে যান।
এর আগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার। লিভারজনিত জটিলতায় তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে সেখানে নেওয়া হয়েছিল।

পরিবার জানিয়েছে, দেশে মরদেহ আসার পর প্রথম জানাজা বনানী ডিওএইচএস এলাকায় হবে। পরবর্তীতে কয়েক দফা জানাজা শেষে তাকে মুন্সিগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
কারিনা কায়সার সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরির মাধ্যমে পরিচিতি পান। পরে তিনি অভিনয় ও চিত্রনাট্য লেখার সঙ্গে যুক্ত ছিলেন।