সিদ্ধিরগঞ্জ থানার দুটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এতে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা থাকল না বলে জানিয়েছেন আইনজীবীরা।
রোববার ১৭ মে আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
এর আগে হত্যাসহ পাঁচ মামলায় আইভীর জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। বাকি পাঁচ মামলায় চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ তুলে নিয়ে হাইকোর্টে রুল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। গত ১০ মে আপিল বিভাগ এই আদেশ দেন।
গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। এরপর তাকে তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়। এসব মামলায় গত বছরের ৯ নভেম্বর হাইকোর্ট তাকে জামিন দেন। তবে রাষ্ট্রপক্ষের আবেদনে চেম্বার জজ আদালত জামিন স্থগিত করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।
পরে পুলিশ আরও পাঁচ মামলায় আইভীকে গ্রেফতার দেখায়। এসব মামলায় গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করে তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। রাষ্ট্রপক্ষের আবেদনে চেম্বার আদালত সেই জামিনও স্থগিত করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান।
গত ১০ মে আপিল বিভাগ প্রথম পাঁচ মামলায় জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আবেদন খারিজ করেন। একই সঙ্গে বাকি পাঁচ মামলার জামিনে স্থগিতাদেশ প্রত্যাহার করে হাইকোর্টে রুল নিষ্পত্তির নির্দেশ দেন। এতে ১০ মামলায় তার জামিন বহাল থাকে। এদিকে সিদ্ধিরগঞ্জ থানার দুই হত্যা মামলায় গত ৩০ এপ্রিল হাইকোর্টে জামিন পান আইভী। রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিল করলে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ বহাল রাখেন।