সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে কত বড় লিড পাবে বাংলাদেশ? পাকিস্তানকে প্রথম ইনিংসে ২৩২ রানে গুটিয়ে দেওয়ার পর এই প্রশ্নই ঘুরছিল সমর্থকদের মনে। দ্বিতীয় দিন শেষে যে অবস্থা, তাতে বড় লিডের আশা করাই যায়।
দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১১০ রান। সব মিলিয়ে লিড দাঁড়িয়েছে ১৫৬ রানের। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৩ রানে অপরাজিত আছেন। দিনের খেলা শেষ হওয়ার কিছু আগে আউট হন মুমিনুল হক। তার বিদায়ের পর আলো কমে আসায় বাংলাদেশ আর ব্যাট করতে রাজি হয়নি, আম্পায়াররাও দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন।
খুররম শাহজাদের বলে ফেরার আগে মুমিনুল ৬০ বলে ৩ বাউন্ডারিতে ৩০ রান করেন। শান্তর সঙ্গে তার জুটি ছিল ১৯ রানের।
এর আগে ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করতেই ফিরে যান অভিষিক্ত ওপেনার তানজিদ হাসান তামিম। ৭ বলে ৪ রান করে তামিম ফিরলে ইনিংস মেরামতের দায়িত্ব নেন মাহমুদুল হাসান জয় ও মুমিনুল। দুজনের ৭৬ রানের জুটিতে বাংলাদেশের লিড দ্রুত বাড়তে থাকে।
জয় তুলে নেন ক্যারিয়ারের ৬ষ্ঠ হাফ সেঞ্চুরি। ৫৮ বলে ১০ চারে ফিফটির পর অবশ্য বেশিদূর যেতে পারেননি, ৫২ রানে থামেন তিনি। এর আগে তানজিদ প্রথম ইনিংসে ২৬ করার পর দ্বিতীয় ইনিংসে ৪ রানে খুররম শাহজাদের বলে গালিতে সৌদ শাকিলের হাতে ক্যাচ দেন। দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
এর আগে দ্বিতীয় দিনে দুই সেশনে ৪টি করে মোট ৮ উইকেট তুলে নেয় বাংলাদেশ। চা বিরতির পর বাকি দুই উইকেট নিয়ে পাকিস্তানকে ২৩২ রানে অলআউট করে স্বাগতিকরা। এতে ৪৬ রানের লিড পায় বাংলাদেশ। পাকিস্তানের সাজিদ খান ২৮ বলে ৩৮ রান করেন।