এএফসি চ্যাম্পিয়নস লিগ টু ফাইনালে হার মানতে পারেননি ক্রিস্তিয়ানো রোনালদো। ম্যাচ শেষে তার আচরণ নিয়ে এখন ফুটবল দুনিয়ায় তুমুল আলোচনা চলছে।

শনিবারের (১৬ মে) ফাইনালে জাপানের গাম্বা ওসাকার কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারায় রোনালদোর দল আল নাসর। প্রথমার্ধে আসা একমাত্র গোলের পর সমতায় ফেরার চেষ্টা করেও সফল হয়নি সৌদি ক্লাবটি। শেষ বাঁশি বাজতেই আল নাসর শিবিরে নেমে আসে নীরবতা। তবে সবচেয়ে বেশি কথা হচ্ছে রানার্সআপের পদক নিতে পর্তুগিজ তারকার না আসা নিয়ে।

আল নাসরের খেলোয়াড়রা একে একে মঞ্চে উঠে মেডেল নিলেও অধিনায়ক রোনালদোকে সেখানে দেখা যায়নি। তার জায়গায় দলের প্রতিনিধিত্ব করেন কোচ জর্জ জেসুস। দলের সেরা তারকার এভাবে অনুপস্থিত থাকা অনেকেই ভালো চোখে দেখছেন না।

রোনালদোর অনুপস্থিতি নিয়ে আল নাসর এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে বিধ্বস্ত দেখা গেছে। মাঠের এক কোণে হতাশ মুখে দাঁড়িয়ে থাকা রোনালদোর ছবি এখন ভাইরাল।

এ ঘটনায় ফুটবলপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকের মতে, ফাইনাল হারের মানসিক ধাক্কায় রোনালদো মেডেল নিতে চাননি। কেউ কেউ এটিকে হার মেনে না নেওয়ার নেতিবাচক মনোভাব বলছেন, আবার কেউ বলছেন জেতার প্রবল ইচ্ছারই বহিঃপ্রকাশ।

সৌদি ক্লাবে যোগ দেওয়ার পর বড় আন্তর্জাতিক শিরোপার স্বপ্ন দেখছিলেন রোনালদো। কিন্তু গাম্বা ওসাকার রক্ষণ ভেদ করতে না পারায় সেই স্বপ্ন ভেঙে গেল আল নাসরের। এই হারে মহাদেশীয় ট্রফির জন্য রোনালদোর অপেক্ষা আরও বাড়ল। আগামী মৌসুমে আল নাসর ঘুরে দাঁড়াতে পারে কি না, এখন সেটাই দেখার।