সিরাজগঞ্জ জেলাসহ চারটি ইউনিটের নতুন কমিটি ঘোষণা করেছে ‘নিষিদ্ধ ঘোষিত’ ছাত্রলীগ। ঘোষিত ইউনিটগুলো হলো সিরাজগঞ্জ জেলা, সিরাজগঞ্জ সদর উপজেলা, সিরাজগঞ্জ পৌর ও সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগ। এসব কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার (১৬ মে) রাত পৌনে ১০টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিরাজগঞ্জ জেলা শাখার ৮৮ সদস্যের নতুন কমিটিতে রবিউল ইসলাম রুবেল সভাপতি ও আল-আমিন খান সাধারণ সম্পাদক হয়েছেন। কমিটিতে সহ-সভাপতি ৫৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ১১ জন, সাংগঠনিক সম্পাদক ১৪ জন এবং একজন করে প্রচার ও দপ্তর সম্পাদক রয়েছেন।
সিরাজগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের ৬ সদস্যের কমিটিতে রেজাউল করিম রাব্বি সভাপতি ও রাসেল সেখ আলী সাধারণ সম্পাদক হয়েছেন। মিজানুর রহমান সম্রাট সহ-সভাপতি, রেদুয়ান রাফি যুগ্ম সাধারণ সম্পাদক এবং দুজন সাংগঠনিক সম্পাদক হয়েছেন।
সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের ২৫ সদস্যের কমিটিতে শিপন আহসান কাব্য সভাপতি ও আলামিন সরকার হিমেল সাধারণ সম্পাদক হয়েছেন। এতে সহ-সভাপতি ১০ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক ৭ জন ও সাংগঠনিক সম্পাদক ৬ জন মনোনীত হয়েছেন।
সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের ২২ সদস্যের কমিটিতে জীবন সেখ সভাপতি ও জিম আহম্মেদ আকাশ সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। কমিটিতে সহ-সভাপতি ৮ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক ৬ জন ও সাংগঠনিক সম্পাদক ৬ জন রয়েছেন।
এদিকে নতুন কমিটি ঘোষণা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ। তিনি বলেন, সংগঠনটি নিষিদ্ধ এবং এর নেতৃত্ব পলাতক। তারা শিক্ষার্থীদের থেকেও বিচ্ছিন্ন। এমন পরিস্থিতিতে কমিটি ঘোষণা নিছক হাস্যকর ও বাস্তবতা বহির্ভূত।
তিনি আরও বলেন, এই কমিটি ঘোষণাকে তারা গুরুত্ব দিচ্ছেন না। তাদের কার্যক্রম মূলত অনলাইন বা ফেসবুকেই সীমাবদ্ধ। এসব কর্মকাণ্ড দেশের মানুষ মেনে নেবে না।