স্টাফ রিপোর্টার, ঢাকা: রাজধানীর উত্তরার বিভিন্ন লাইসেন্সধারী বারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) নিয়মিত রুটিন পরিদর্শনকে ‘অভিযান’ তকমা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এতে সাধারণ মানুষ ও বার কর্তৃপক্ষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৪ মে রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উত্তরার লেকভিউ, মারগারিটা, কিচেন বার, ক্যাম্প ফায়ার ও কম্বিসহ একাধিক বারে তাদের নিয়মিত বার্ষিক ও অনিয়মিত অডিট (রুটিন ওয়ার্ক) কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় কিছু অতিউৎসাহী ব্যক্তি গোপনে ভিডিও ফুটেজ সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিকে ‘মাদকবিরোধী বিশেষ অভিযান’ হিসেবে প্রচার করতে শুরু করে।

নাম প্রকাশে অনিচ্ছুক উত্তরার একজন বার মালিক ক্ষোভ প্রকাশ করে বলেন,

“মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আইন ও কার্যপ্রণালী সম্পর্কে না জেনেই অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। সেদিন কোনো অভিযান চালানো হয়নি, কাউকে গ্রেপ্তার কিংবা কোনো মালামাল জব্দও করা হয়নি। মূলত বারগুলো সরকারি নিয়ম ও শর্ত মেনে চলছে কি না, তা দেখতেই অধিদপ্তরের কর্মকর্তারা এসেছিলেন। তারা পুরো পরিদর্শন শেষে কোথাও কোনো অনিয়ম পাননি।”

এ বিষয়ে জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) মোঃ বদরউদ্দিন জানান, প্রতিটি অনুমোদিত বার নিয়মিত পরিদর্শন করা তাদের আইনি ও রুটিন দায়িত্বের অংশ।

তিনি বলেন,

“আমরা নিয়মিত রুটিন ওয়ার্কের অংশ হিসেবেই ওই রাতে বারগুলো পরিদর্শন করেছি। পরিদর্শনে কোথাও কোনো অনিয়ম বা শর্তভঙ্গ লক্ষ্য করা যায়নি। সংশ্লিষ্ট বারগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সকল নির্দেশনা ও বিধিমালা মেনেই তাদের কার্যক্রম পরিচালনা করছে।”

একটি দায়িত্বশীল সরকারি সংস্থার নিয়মিত তদারকি কার্যক্রমকে ভিন্ন খাতে মোড় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের বিভ্রান্তি ছড়ানোর পেছনে কোনো মহলের ভিন্ন উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।