রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আকস্মিক পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার (১৫ মে) সকালে কোনো পূর্বঘোষণা ছাড়াই তিনি চিড়িয়াখানায় উপস্থিত হয়ে সেখানকার সার্বিক অব্যবস্থাপনা ও পশুপাখির স্বাস্থ্য দেখে ক্ষোভ প্রকাশ করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী চিড়িয়াখানার পশুপাখিদের নিয়মিত পরিচর্যা, স্বাস্থ্য পরীক্ষা এবং খাদ্য সরবরাহের মান সরাসরি পর্যবেক্ষণ করেন। তিনি চিড়িয়াখানার বিভিন্ন খাঁচা ও স্থাপনা ঘুরে দেখার সময় অপরিচ্ছন্ন পরিবেশ এবং পশুপাখির অযত্ন দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কড়া সমালোচনা করেন।
প্রতিমন্ত্রী কর্মকর্তাদের সাফ জানিয়ে দেন, চিড়িয়াখানাকে কেবল বিনোদন কেন্দ্র ভাবলে চলবে না, এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র এবং এখানে পশুপাখির জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করা বাধ্যতামূলক।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, পশুপাখিদের জন্য মানসম্মত খাদ্য সরবরাহ ও স্বাস্থ্য সুরক্ষায় কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। একই সঙ্গে দর্শনার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা দিতে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে আরও তৎপর হওয়ার নির্দেশ দেন তিনি। চিড়িয়াখানাকে আধুনিক, পরিচ্ছন্ন ও দর্শনার্থীবান্ধব হিসেবে গড়ে তোলার জন্য তিনি তাৎক্ষণিক কিছু দিকনির্দেশনাও প্রদান করেন।
পরিদর্শনের সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমান প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন।
প্রতিমন্ত্রী পশুপাখির কল্যাণ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং নিয়মিত তদারকির ব্যবস্থা করার নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী জানান, আগামীতে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে।