মোস্তফা কামাল তোহা, ঢাকা | ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম। বৃহস্পতিবার (১৪ মে) রাতে তিনি বিদায়ী ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

ডিএমপি সূত্রে জানা গেছে, ডিএমপির সাবেক কমিশনার শেখ মো. সাজ্জাত আলী গত ২৫ ফেব্রুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করার পর সরকার এখন পর্যন্ত নতুন কোনো পূর্ণাঙ্গ কমিশনার নিয়োগ দেয়নি। ফলে জ্যেষ্ঠতার ভিত্তিতে অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বৃহস্পতিবার মো. সরওয়ারের চাকরির মেয়াদ শেষ হওয়ায় এবং তিনি অবসরকালীন ছুটিতে যাওয়ায় পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে এস এন নজরুল ইসলামকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিএমপির জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এই পরিবর্তনের সত্যতা নিশ্চিত করে জানান, “চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় মো. সরওয়ার অবসরে গেছেন। নিয়ম অনুযায়ী, পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন নজরুল ইসলাম এখন থেকে ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব পালন করবেন।”

উল্লেখ্য, গত ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির ৩৮তম কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন শেখ মো. সাজ্জাত আলী। নতুন সরকার গঠনের পর গত ২৫ ফেব্রুয়ারি তিনি ইস্তফা দেন। এরপর থেকে ডিএমপির শীর্ষ এই পদটিতে স্থায়ী কাউকে নিয়োগ না দেওয়ায় ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমেই পরিচালিত হচ্ছে ঢাকা মহানগর পুলিশের কার্যক্রম। এস এন নজরুল ইসলাম এখন থেকে ডিএমপির দৈনন্দিন এবং অপারেশনাল কার্যক্রমের সর্বোচ্চ তদারকি করবেন।