টাঙ্গাইলের ভূঞাপুরে এক মাস বয়সী নবজাতক ফাতিহাকে নিয়মিত টিকার পরিবর্তে জলাতঙ্কের টিকা দেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (১৩ মে) দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

শিশুটির পরিবার জানায়, টিকা দিতে মা মৌ সন্তানকে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে যান। টিকা দেওয়ার দায়িত্বে থাকা স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরু অনুপস্থিত থাকায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ অবসর প্রস্তুতিমূলক ছুটিতে থাকা স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুমকে ডেকে আনেন।

কিন্তু কাইয়ুম ভুলবশত শিশুটিকে কুকুরের কামড়ের চিকিৎসায় ব্যবহৃত র‍্যাবিক্স ভ্যাকসিনের দুটি ডোজ দেন। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে প্রতিবাদ করলে কাইয়ুম তাদের সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, ভুল টিকা দেওয়ার পর শিশুটি ক্রমেই নিস্তেজ হয়ে পড়ছে।

এ ঘটনায় অভিযুক্ত স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকের গাফিলতিকে দায়ী করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুম নিজের ভুলের কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদও দায় স্বীকার করে বলেন, এটি অনাকাঙ্ক্ষিত ভুল। আমাদের আরও সতর্ক হওয়া দরকার ছিল। তবে এই ভ্যাকসিনে কোনো সমস্যা হবে না। এরপরও পরিবারের সদস্যদের যোগাযোগ রাখতে বলা হয়েছে।