তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েই নাগরিক অধিকার রক্ষা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছেন জোসেফ বিজয় ওরফে ‘থালাপতি’ বিজয়। মুসলিমদের নিরাপত্তা নিশ্চিতে সংখ্যাগুরু হিন্দুদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১২ মে) সকালে এক বার্তায় তিনি বলেন, তার রাজ্যে কোনো হিন্দু মুসলিমদের ওপর অত্যাচার করলে তার ফল বিশ্বের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। অপরাধী যে ধর্মেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। নাগরিকের অধিকার সবার জন্য সমান এবং তা রক্ষা করা সরকারের প্রধান দায়িত্ব।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি ক্ষমতা গ্রহণের পর প্রথম বড় সিদ্ধান্ত হিসেবে রাজ্যজুড়ে ৭০০টির বেশি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন পরিচালিত ৭১৭টি মদের দোকান অবিলম্বে বন্ধ হবে। এসব দোকান মন্দির, মসজিদ, গির্জা, শিক্ষা প্রতিষ্ঠান ও বাস স্ট্যান্ডের কাছে অবস্থিত।
সরকারি হিসাব অনুযায়ী, রাজ্যে টাসম্যাকের অধীনে ৪ হাজার ৭৬৫টি মদের দোকান রয়েছে। বিজয় নির্দেশ দিয়েছেন, কোনো ধর্মীয় স্থান, স্কুল-কলেজ বা জনবহুল বাস স্ট্যান্ডের ৫০ মিটারের মধ্যে মদের দোকান রাখা যাবে না। বন্ধ হতে যাওয়া দোকানের মধ্যে ২৭৬টি ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাস স্ট্যান্ডের আশেপাশে।
গত রোববার ৫১ বছর বয়সী অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তার দল টিভিকে এবারের নির্বাচনে ডিএমকে ও এআইএডিএমকে-র দীর্ঘদিনের দ্বিমুখী আধিপত্য ভেঙে ঐতিহাসিক জয় পায়। কংগ্রেস, বামপন্থী দল ও মুসলিম লিগের সমর্থনে বিজয়ের নেতৃত্বে রাজ্যে প্রথমবার জোট সরকার গঠিত হয়েছে।
দায়িত্ব নেওয়ার পর তিনি বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ, মহিলাদের নিরাপত্তায় বিশেষ বাহিনী এবং জেলায় মাদকবিরোধী ইউনিট গঠনের অনুমোদন দিয়েছেন। তবে মদের দোকান বন্ধে রাজ্য সরকারের আয়ে টান পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এতে জনকল্যাণমূলক প্রকল্পের অর্থায়নে প্রভাব পড়তে পারে। এর মধ্যেও ডিএমকে আমলের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের ঘোষণা দিয়েছেন বিজয়, যা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছে।