আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন।

বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামে জন্ম নেওয়া মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ মিরসরাই আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৬৬ সালে লাহোর থেকে খনিজ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৬৪ সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন এবং ১৯৬৬ সালে লাহোরে ছয় দফা আন্দোলনে যুক্ত হন। ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে চট্টগ্রামের সাব-সেক্টর কমান্ডার হিসেবে গেরিলাযুদ্ধে নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কার পান তিনি।

২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ না নিয়ে ছেলে মাহবুব রহমান রুহেলকে আসন ছেড়ে দেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৭ অক্টোবর ভাটারা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক সহিংসতাসহ একাধিক মামলায় অভিযুক্ত হলেও ধাপে ধাপে জামিন পান। ২০২৫ সালের ১৪ আগস্ট বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি কারামুক্ত হন।

তার ছেলে সাবেদুর রহমান সুমু জানান, ঢাকায় একটি জানাজা হলেও সময়-স্থান এখনও ঠিক হয়নি। বৃহস্পতিবার (১৪ মে) বাদ আসর মিরসরাইয়ের মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হবে। চট্টগ্রাম শহরে জানাজা হবে না।