এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হতে যেন কোনো সেশনজট না হয় সে লক্ষ্যে কার্যক্রম হাতে নিয়েছে সরকার।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বুধবার (১৩ মে) সকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ‘অন গ্রিড সোলার প্রজেক্ট’ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আজই পরীক্ষা নিয়ে একটি মিটিং হবে। আলোচনা হবে কীভাবে সিলেবাস কাভার করে সময় নষ্ট না করে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া যায়। তিনি বলেন, শিক্ষার্থীদের জীবনে ১০ বছরের স্কুলিং যেন ১০ বছরই থাকে। কোনো সেশনজট যেন না হয়, তারা যেন পিছিয়ে না পড়ে। শিক্ষার্থীদের স্বার্থে যা করার সেটাই করা হবে, তবে পরীক্ষা সুন্দরভাবে দিতে হবে।

মন্ত্রী আরও বলেন, শিক্ষার ক্ষেত্রে কোনো কার্পণ্য করা হচ্ছে না। এখন পরীক্ষা সুন্দর হচ্ছে কারণ সবাই চায় পরীক্ষা সুন্দর হোক। শিক্ষার্থীরা যা চাইবে, সরকারও তাই চাইবে। জোর করে কাউকে কিছু করা যায় না। শিক্ষা হবে আনন্দের বিষয়, প্রজেক্টের মধ্য দিয়ে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তরুণ ও মানবসম্পদ। এই সম্পদকে দক্ষভাবে গড়ে তুলতে পারলে দেশের অগ্রযাত্রা দ্রুত হবে। দেশের বিদ্যমান শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তন ও আধুনিকায়ন প্রয়োজন। সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দক্ষ মানবসম্পদ তৈরির জন্য মানসম্মত ও আধুনিক শিক্ষার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে তিনি নবায়নযোগ্য জ্বালানি খাতে এই উদ্যোগকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন, যা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তি ও টেকসই উন্নয়নের সঙ্গে যুক্ত করবে।