২৭তম বিসিএসে উত্তীর্ণ হয়েও বঞ্চিত আরও ৯৬ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশে বুধবার (১৩ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের আগামী ১৮ মে’র মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে যোগদান না করলে নিয়োগপত্র বাতিল হয়ে যাবে। জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখতে ব্যাচের প্রথম নিয়োগ প্রজ্ঞাপনের তারিখ থেকে ভূতাপেক্ষিকভাবে নিয়োগ কার্যকর হবে। তবে তারা কোনো বকেয়া আর্থিক সুবিধা পাবেন না।

এর আগে আইনি লড়াইয়ের পর গত বছরের ১৮ ডিসেম্বর ২৭তম বিসিএসের ৬৭৩ জনকে নিয়োগ দেওয়া হয়। ২০০৭ সালের ২১ জানুয়ারি প্রথম মৌখিক পরীক্ষায় ৩ হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হলেও অনিয়মের অভিযোগে ওই বছরের ৩০ জুন ফল বাতিল করে তৎকালীন সেনা সমর্থিত সরকার। পরে দ্বিতীয় মৌখিক পরীক্ষায় ৩ হাজার ২২৯ জন উত্তীর্ণ হয়ে নিয়োগ পান। প্রথম পরীক্ষায় উত্তীর্ণরা রিট করলে দীর্ঘ আইনি লড়াই শুরু হয়।

২০২৩ সালের ১১ নভেম্বর হাইকোর্ট দ্বিতীয় মৌখিক পরীক্ষা অবৈধ ঘোষণা করেন। এরপর আপিল ও রিভিউ আবেদনের পর গত বছরের ২০ ফেব্রুয়ারি আপিল বিভাগ ১ হাজার ১৩৭ জনকে চাকরি ফেরত দেওয়ার রায় দেন। গত বছরের ১১ আগস্ট হাইকোর্টের রায় দ্রুত কার্যকরের নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সেই রায়ের ধারাবাহিকতায় এবার আরও ৯৬ জন নিয়োগ পেলেন।