পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে মাদক সম্পৃক্ততার অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে আইজি’জ ব্যাজ, শিল্ড প্যারেড, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, “মাদক আমাদের যুব সমাজ ও জাতির ভবিষ্যতের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ পুলিশ একটি ঐতিহ্যবাহী ও পেশাদার বাহিনী। দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে পুলিশের প্রত্যেক সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আজকে পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যরা তাদের সাহস, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে সেই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছেন।” তিনি সব সদস্যকে দেশের কল্যাণে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
“পুলিশ বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে যদি মাদক সেবন ও ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না,” বলেন আইজিপি।
অনুষ্ঠানে গত ১ মার্চ ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতিস্বরূপ ৩৪১ জন পুলিশ সদস্যকে ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫’ প্রদান করা হয়। আইজিপি নিজ হাতে তাদের ব্যাজ পরিয়ে দেন।
পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে ১ জানুয়ারি ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে সাফল্য অর্জনকারী ইউনিটগুলোকেও পুরস্কৃত করা হয়।
অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার
• ‘ক’ গ্রুপ: প্রথম চট্টগ্রাম জেলা পুলিশ, দ্বিতীয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, তৃতীয় কুমিল্লা জেলা পুলিশ।
• ‘খ’ গ্রুপ: প্রথম কক্সবাজার জেলা পুলিশ, দ্বিতীয় কুষ্টিয়া জেলা পুলিশ, তৃতীয় খুলনা মেট্রোপলিটন পুলিশ।
• ‘গ’ গ্রুপ: প্রথম রাজবাড়ী জেলা পুলিশ, দ্বিতীয় মাগুরা জেলা পুলিশ, তৃতীয় এপিবিএন।
• ‘ঘ’ গ্রুপ: প্রথম র্যাব-১১ নারায়ণগঞ্জ, দ্বিতীয় র্যাব-১৫ কক্সবাজার, তৃতীয় র্যাব-২ ঢাকা।
• ‘ঙ’ গ্রুপ: প্রথম ডিবি, ডিএমপি; দ্বিতীয় তেজগাঁও বিভাগ, ডিএমপি; তৃতীয় মিরপুর বিভাগ, ডিএমপি।
মাদকদ্রব্য উদ্ধার ২০২৫
• ‘ক’ গ্রুপ: প্রথম ময়মনসিংহ জেলা পুলিশ, দ্বিতীয় কুমিল্লা জেলা পুলিশ, তৃতীয় চট্টগ্রাম জেলা পুলিশ।
• ‘খ’ গ্রুপ: প্রথম ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ, দ্বিতীয় কক্সবাজার জেলা পুলিশ, তৃতীয় হবিগঞ্জ জেলা পুলিশ।
• ‘গ’ গ্রুপ: প্রথম লালমনিরহাট জেলা পুলিশ, দ্বিতীয় শেরপুর জেলা পুলিশ, তৃতীয় গাজীপুর জেলা পুলিশ।
• ‘ঘ’ গ্রুপ: প্রথম র্যাব-১৫ কক্সবাজার, দ্বিতীয় র্যাব-৯ সিলেট, তৃতীয় র্যাব-১১ নারায়ণগঞ্জ।
• ‘ঙ’ গ্রুপ: প্রথম ওয়ারী বিভাগ, ডিএমপি; দ্বিতীয় তেজগাঁও বিভাগ, ডিএমপি; তৃতীয় মতিঝিল বিভাগ, ডিএমপি।
• ‘চ’ গ্রুপ: প্রথম হাইওয়ে পুলিশ, দ্বিতীয় রেলওয়ে পুলিশ, তৃতীয় এপিবিএন।
শিল্ড প্যারেড প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে যৌথ মেট্রোপলিটন দল। দ্বিতীয় হয়েছে এপিবিএন দল এবং তৃতীয় হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দল।