ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক পোস্ট দেওয়া থেকে বিরত থাকতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সতর্ক করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে এমন পোস্টদাতাদের শনাক্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মে) মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত কতিপয় শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার, সরকারি দপ্তর ও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কটূক্তি, অপপ্রচার ও আপত্তিকর পোস্ট করছেন কিংবা পোস্ট শেয়ার করছেন। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।

মন্ত্রণালয় জানায়, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রণীত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ সব সরকারি কর্মচারীর জন্য প্রযোজ্য। এই নির্দেশিকা অমান্য করা সরকারি চাকরি বিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণের পর্যায়ভুক্ত অপরাধ।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি, অপপ্রচার করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন, তাদের জরুরিভিত্তিতে চিহ্নিত করে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। গৃহীত ব্যবস্থা সম্পর্কে মন্ত্রণালয়কে অবহিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে।