প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত কারিকুলাম ঢেলে সাজাচ্ছে সরকার। স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সময়ের দাবি মেটাতে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তরের কারিকুলাম নতুন করে সাজানো হচ্ছে। শুধু পুঁথিগত শিক্ষা নয়, বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণায় জোর দিতে হবে। উদ্ভাবনে এগিয়ে না গেলে প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকা যাবে না।
তিনি জানান, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইনোভেশন গ্র্যান্ট দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। সীমিত সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমেও নতুন কিছু করা সম্ভব।
তারেক রহমান বলেন, মেধা পাচার রোধ করে মেধা লালন করে দেশ গড়তে চায় সরকার। এমন শিক্ষাব্যবস্থা গড়তে চাই যেন প্রতিটি শিক্ষার্থী নিজের সম্ভাবনাকে কাজে লাগাতে পারেন।
ফ্যাসিবাদ বিদায়ের পরে নতুন বাংলাদেশ গড়তে তারুণ্যের আকাঙ্ক্ষার কার্যকর বাস্তবায়নে সরকার আন্তরিক বলেও মন্তব্য করেন তিনি।