আগামী ১৬ মে চাঁদপুর জেলা সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক সরকারি সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে নিজ বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা হবেন তিনি। পথে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় যোগ দেবেন।

দুপুর ১২টা ৩০ মিনিটে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোদ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।

দুপুর ২টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী চাঁদপুর সার্কিট হাউসে বিরতি নেবেন। বেলা ৩টা ৩০ মিনিটে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।

বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি। সফর শেষে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাত ৯টা ৩০ মিনিটে রাজধানীতে পৌঁছাবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচিতে বলা হয়েছে, এটি একটি সরকারি সফর এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরা সফরসঙ্গী হিসেবে থাকবেন।

এ বিষয়ে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, দুটি খাল খনন কর্মসূচিসহ চাঁদপুরের রাজরাজেশ্বর ইউনিয়নের একটি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। একযোগে চাঁদপুর থেকে ২২ জেলার ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।