ভারতের উত্তর প্রদেশে অন্তঃসত্ত্বা ভাবিকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আমির নামে এক যুবকের বিরুদ্ধে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে গ্যাস সিলিন্ডারের ভালভ খুলে পুরো বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকিও দেন তিনি।
রোববার (১০ মে) সন্ধ্যায় সাহারানপুরের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম সানা নাজ।
পরিবারের বরাতে পুলিশ জানায়, ছয় মাস আগে আমিরের বড় ভাই সালমানের সঙ্গে বিয়ে হয়েছিল সানার। রোববার সন্ধ্যায় নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ঢোকেন আমির। তখন ভাবি সানার সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরে থাকা কোদাল দিয়ে সানার মাথা, ঘাড় ও পেটে আঘাত করেন তিনি।
সানার চিৎকারে প্রতিবেশীরা জড়ো হলেও আমিরের হাতে রক্তমাখা কোদাল দেখে কেউ এগোতে সাহস পাননি। স্বামী সালমান স্ত্রীকে বাঁচাতে গেলে আমির তাকেও হুমকি দেন। পরে সালমান পালিয়ে পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আমির গ্যাস সিলিন্ডারের ভালভ খুলে দিয়াশলাই হাতে দাঁড়িয়ে হুমকি দেন, কেউ কাছে এলে পুরো বাড়ি উড়িয়ে দেওয়া হবে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা উত্তেজনার পর পুলিশ আমিরকে ঘিরে ফেলে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, রোববার রাত পৌনে আটটার দিকে সালমান ঘটনাটি জানান। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে রক্তমাখা মাটি ও অস্ত্রসহ আলামত সংগ্রহ করেছে। নিহত সানার শরীরে একাধিক গভীর ক্ষত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের বাবা মোহাম্মদ আশিকের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে পারিবারিক কলহকে হত্যাকাণ্ডের মূল কারণ বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত আমিরের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।