বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত কমিটি ভেঙে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত বেআইনি ঘোষণা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১১ মে) বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
উল্লেখ্য, আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে।
নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠনের ৭ এপ্রিলের সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত চেয়ে গত ৩০ এপ্রিল সাত আইনজীবী হাইকোর্টে রিটটি দায়ের করেছিলেন।
বিসিবির ১১ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। কমিটির অন্য সদস্যরা হলেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।