বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহে ১০০ টাকার বেশি বিল আদায় করলে এবং প্রতিদিনের ময়লা প্রতিদিন সংগ্রহ না করলে ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

সোমবার (১১ মে) নগর ভবন অডিটরিয়ামে প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানসমূহের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানান ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বিভিন্ন এলাকা থেকে অভিযোগ আসছে যে, অনেক প্রতিষ্ঠান নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা আদায় করছে এবং প্রতিদিন ময়লা সংগ্রহ করছে না। এটি কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

তিনি জানান, প্রতিটি ফ্ল্যাট বা বাসাবাড়ি থেকে মাসিক সর্বোচ্চ ১০০ টাকা বিল নিতে হবে এবং তা নির্ধারিত রশিদের মাধ্যমে সংগ্রহ করতে হবে। দিনের বর্জ্য দিনেই অপসারণ নিশ্চিত করতে হবে। কোনো এলাকায় ময়লা জমে থাকতে পারবে না।

সভায় কোরবানি পরবর্তী প্রস্তুতি নিয়েও নির্দেশনা দেওয়া হয়। ঈদুল আজহার তিন দিন কোনো পরিচ্ছন্নতাকর্মী বা সংশ্লিষ্ট কর্মকর্তা ছুটিতে থাকতে পারবেন না। প্রতিটি ওয়ার্ড বর্জ্যমুক্ত না হওয়া পর্যন্ত কর্মীদের মাঠে থাকতে হবে। পিসিএসপি ঠিকাদারদের সরাসরি মাঠে উপস্থিত থেকে কাজ তদারকি এবং পর্যাপ্ত ভ্যান ও জনবল নিশ্চিত করতে হবে।

এছাড়া নাগরিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও পরিচ্ছন্নতাকর্মীদের পরিচ্ছন্ন পোশাকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তা বা খালে ময়লা ফেলা যাবে না। নির্ধারিত স্থানে ময়লা না রেখে রাস্তা বা খালে ফেললে সেই বাসায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

প্রশাসক বলেন, বর্জ্য ব্যবস্থাপনা কেবল একটি সেবা নয়, এটি একটি মানবিক ও সামাজিক দায়িত্ব। চুক্তির শর্ত ভঙ্গ করলে ডিএসসিসি আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে।

সভায় ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।