হাইকোর্ট পারমিশন মৌখিক পরীক্ষার সাময়িক সনদ দ্রুত করে দেওয়ার আশ্বাস দিয়ে ঘুষ নিতে গিয়ে হাতে-নাতে ধরা পড়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের অফিস সহায়ক রাব্বিল মিয়া। তাকে সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সোমবার (১১ মে) বার কাউন্সিল এ সিদ্ধান্ত নেয়।
নোটিশে বলা হয়, সোমবার হাইকোর্ট পারমিশন মৌখিক পরীক্ষার নিমিত্ত নিম্ন আদালতের সাময়িক সনদ বিতরণ/উত্তোলন কার্যক্রম চলাকালে দ্রুত সময়ে সনদের কাজ সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দিয়ে একজন আইনজীবীর কাছ থেকে অবৈধভাবে অর্থ গ্রহণ তথা উৎকোচ গ্রহণ করেছেন মর্মে অভিযোগ বার কাউন্সিল কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।
এ কর্মকাণ্ডকে গুরুতর অসদাচরণ, দায়িত্বে অবহেলা এবং প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও মর্যাদার পরিপন্থি বিবেচনায় এবং বার কাউন্সিলের চেয়ারম্যানের নির্দেশনায় ১১ মে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
একইসঙ্গে কেন তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, সে মর্মে আগামী ০৭ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সাময়িক বরখাস্ত বলবৎ থাকাকালে তিনি বিধি মোতাবেক মূল বেতনের অর্ধেক খোরাকি ভাতা হিসেবে পাবেন।