লিভার জটিলতায় লাইফ সাপোর্টে থাকা কনটেন্ট ক্রিয়েটর ও তরুণ অভিনেত্রী কারিনা কায়সারের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়া হচ্ছে।

কারিনার বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ জানিয়েছেন, সোমবার (১১ মে) বিকেলে এয়ার অ্যাম্বুলেন্স কারিনাকে নিতে চেন্নাই থেকে আসবে। ভিসা হাতে পেয়েছেন তিনি।

কায়সার হামিদ বলেন, নিজের সর্বোচ্চ চেষ্টায় মেয়ের চিকিৎসার ব্যবস্থা করছি। হাসপাতালের অনেক টাকা বিল, পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্সের জন্যও অনেক টাকার প্রয়োজন। মায়ের আর আমার কিছু ফিক্সড ডিপোজিট ভেঙেছি, একটা জমির বায়না করেছি। এগুলো আজকের দিনের ভেতর সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, এখন একটাই চাওয়া, মেয়েটা বাঁচুক। এই মুহূর্তে কারিনাকে সুস্থ করে তোলাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তাই সবার সহায়তা দরকার।

উল্লেখ্য, কারিনা দীর্ঘদিন ধরে ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছিলেন। যথাযথ চিকিৎসা ও ওষুধ গ্রহণে অবহেলা করায় হঠাৎ লিভারে ইনফেকশন দেখা দেয়। এর মধ্যে তিনি হেপাটাইটিস ‘এ’ ও ‘ই’ তে আক্রান্ত হন। গত শুক্রবার রাতে লিভার ফেইলিউর হলে চিকিৎসকরা তাকে দ্রুত লাইফ সাপোর্টে নেন।

গত শনিবার কারিনার অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। এর আগে কায়সার হামিদ জানিয়েছিলেন, মেয়ের চিকিৎসার টাকা জোগাড় করতে তিনি জমি বিক্রির চেষ্টা করছেন। সরকারিভাবে কোনো সহায়তা পাবেন কি না তাও জানেন না।