ঈদুল আজহা উপলক্ষে নিত্যপণ্যের দামে স্বস্তি দিতে সোমবার থেকে দেশব্যাপী বিশেষ ট্রাকসেল কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ। কার্যক্রম চলবে আগামী ২১ মে পর্যন্ত।

রোববার (১০ মে) টিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিদিন ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকা মহানগরী ও জেলায় ৫০টি, চট্টগ্রাম মহানগরী ও জেলায় ২০টি ট্রাক থাকবে। অন্য ছয় বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় ১৫টি করে এবং বাকি ৫৬ জেলায় ১০টি করে ট্রাকসেল পরিচালিত হবে।

প্রতিটি ট্রাকে প্রতিদিন ৪০০ জন ক্রেতাকে পণ্য দেওয়া হবে। এ উদ্যোগে প্রায় ২৮ লাখ ৮০ হাজার মানুষ উপকৃত হবেন। মোট ১৩ হাজার ৯৩৯ টন পণ্য বিক্রির লক্ষ্য রয়েছে।

যেকোনো সাধারণ ভোক্তা ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, এক কেজি চিনি এবং দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন।

নির্ধারিত দাম: ভোজ্যতেল প্রতি লিটার ১৩০ টাকা, চিনি প্রতি কেজি ৮০ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকা।

এদিকে টিসিবির কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের জন্য ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি কার্যক্রমও চলমান রয়েছে। ঈদ উপলক্ষে মে মাসে ৭২ লাখ কার্ডধারী পরিবারের কাছে প্রায় ৩৪ হাজার ৮৪৮ টন পণ্য বিক্রি করা হবে।