আফ্রিকার সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র ও ফ্যাশন আয়োজন ‘আফ্রিকা ম্যাজিক ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ডস’ (এএমভিসিএ)-এর ১২তম আসরে চমক দেখালেন এক রিয়েলিটি টিভি তারকা। নাইজেরিয়ার লাগোসে রেড কার্পেটে তিনি হাজির হন ৫০০টিরও বেশি আসল পাউরুটি দিয়ে তৈরি বিশাল গাউন পরে।
অনুষ্ঠানটি বসেছিল লাগোসের ইকো হোটেল অ্যান্ড সুইটসে। সেখানে আফ্রিকার চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল মিডিয়ার তারকাদের সম্মাননা দেওয়া হয়। তবে সব আলোচনা ছাপিয়ে যায় পাউরুটির পোশাক।
পোশাকটি এত বড় ছিল যে বহন করতে কয়েকজন সহকারীর সাহায্য নিতে হয়। সহকারীদের হাতেও ছিল রুটির থালা।
সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে একে সৃজনশীল ও ব্যতিক্রমী মার্কেটিং আইডিয়া বললেও, অনেকে খাদ্যের অপচয়ের অভিযোগ তুলে সমালোচনা করেন।
বিবিসি-কে ওই তারকা জানান, এটি শুধু নজর কাড়ার জন্য নয়। নিজের বেকারি ব্যবসার প্রচারের অংশ হিসেবে পরিকল্পিতভাবে পোশাকটি তৈরি করা হয়েছে। ডিজাইনার টয়িন লাওয়ান বলেন, ব্যক্তিগত ব্র্যান্ড ও ব্যবসাকে ফ্যাশনের মাধ্যমে তুলে ধরা ছিল লক্ষ্য। এটি নতুন একটি ট্রেন্ড তৈরি করতে পারে।
সূত্র: বিবিসি