সোশ্যাল মিডিয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সন্তানদের নৈতিকভাবে মানুষ করাই বর্তমান মায়েদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
রবিবার (১০ মে) রাজধানীর মহাখালীতে ‘গরবিনী মা ২০২৬’ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, অবাধ তথ্যপ্রবাহ ও এআই-এর যুগে জেন-জিদের দিকনির্দেশনা দেওয়া মায়েদের জন্য ক্রমেই কঠিন হয়েছে। আগের মতো সন্তানদের নিয়ন্ত্রণ বা সঠিক পথে রাখা ভবিষ্যতের মায়েদের জন্য আরও জটিল হয়ে উঠবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন জ্ঞানের সর্বোত্তম ব্যবহার করে নতুন প্রজন্ম যাতে এগিয়ে যায়, সেই আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সন্তানের সাফল্যে অবদান রাখায় ১১ জন মায়ের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা। রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে এবার ছিল গরবিনী মা সম্মাননার ১৩তম আসর।
সম্মাননা পাওয়া মায়েরা হলেন: প্রশাসন ক্যাটাগরিতে রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলামের মা বেগম ফরহাত ইসলাম; আইন ও বিচার ক্যাটাগরিতে বিচারক মোহা. রকিবুল ইসলামের মা বেগম রোকেয়া রশীদ; আইনশৃঙ্খলা ক্যাটাগরিতে ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলামের মা মোসা. রাজিফা আজাদ; শিক্ষা ক্যাটাগরিতে অধ্যাপক তানিয়া হকের মা সেলিমা হক; সাংবাদিকতা ক্যাটাগরিতে এ কে এম মনজুরুল ইসলামের মা রাজিয়া আহমেদ; চিকিৎসা ক্যাটাগরিতে অধ্যাপক ইন্দ্রজিৎ প্রসাদের মা সরস্বতী প্রসাদ; সংগীত ক্যাটাগরিতে সংগীতশিল্পী কোনালের মা সায়মা মনির মিনু; অভিনয় (নারী) ক্যাটাগরিতে তাসনিয়া ফারিণের মা সৈয়দা শারমিন; অভিনয় (পুরুষ) ক্যাটাগরিতে জিয়াউল হক পলাশের মা ফাতেমা আক্তার কাজল এবং প্রভাষক খাইরুম ইসলামের মা শিরিন আক্তার।